চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে এক পুরুষ ও দুই নারীসহ তিনজনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক পাহারা ও শক্ত বাধার মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় তারা।
রোববার (৯ আগস্ট) ভোর ৩টার দিকে উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধবখালী সীমান্তের মূল পিলার ৭০/২-এস এর কাছে থাকা গেট খুলে ভোর ৩টার দিকে তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি সেখানে কর্তব্যরত বিজিবি টহল দলের নজরে আসামাত্রই সীমান্তরেখা পার হতে বাধা দেওয়া হয়। বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই তিনজন শূন্যরেখা অতিক্রম করতে না পেরে ভারতীয় সীমান্তের ৪০ গজ ভেতরে অবস্থান নিতে বাধ্য হন। পরবর্তীতে ভোর ৫টা ২০ মিনিটে তারা সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যান।

আপনার মতামত দিন