চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় বাংলাদেশ চলচ্চিত্র জগতের খল অভিনেতা ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার পর সিআইডির (সিলআইডি) কাছে হস্তান্তর করা হয়।
ডনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর প্রতিক্রিয়া জানিয়ে সালমান শাহর মা নীলা চৌধুরী আল্লাহর কাছে কৃতজ্ঞতা ও বর্তমান সরকারের প্রতি গভীর আস্থা প্রকাশ করেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "সালমান আমার সন্তান, সে আমার বুকের মধ্যেই থাকবে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে ডন ওতপ্রোতভাবে জড়িত ছিল। সালমানের মৃত্যুর পর সে আমাকে নানাভাবে অপমান করেছে এবং আমার ছেলের নামে অনেক মিথ্যা অপবাদ দিয়েছে। অবশেষে সে গ্রেপ্তার হলো, আশা করি সব সত্য ও প্রমাণ সামনে আসবে।" একই সঙ্গে তিনি সালমান হত্যার সঙ্গে জড়িত বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের নিজ বাসভবনে রহস্যজনকভাবে মারা যান জনপ্রিয় নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। ওই সময় তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন, যা পরবর্তীকালে ১৯৯৭ সালের ২৪ জুলাই হত্যা মামলা হিসেবে গ্রহণের জন্য আবেদন করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সিআইডির আত্মহত্যার প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষের রিভিশন আবেদনের পর, ২০২৫ সালের ২০ অক্টোবর আদালত এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
আদালতের নির্দেশের পরদিন, ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় ১১ জনসহ অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রিজভী আহমেদ ফরহাদকে আসামি করা হয়েছে।

আপনার মতামত দিন