সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জন প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—আত্রাই উপজেলার পারকাসু্ন্দা গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে জালাল উদ্দিন; ডুবাই গ্রামের বাদল হোসেনের ছেলে সুমন হোসেন, সাগর হোসেন ও চঞ্চল হাসানের ছেলে হাসিবুল হাসান শুভ; মাধবপুর গ্রামের মজনু মিয়ার ছেলে মজিদুল ইসলাম; গন্ডগোহালী গ্রামের গোফফার প্রামাণিকের দুই ছেলে মোহন প্রামাণিক ও সুমন প্রামাণিক, জাননার হোসেনের ছেলে রুবেল হোসেন, ফজলু প্রামাণিকের ছেলে কলি উদ্দিন প্রামাণিক এবং উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ। নিহতদের সবার বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সময় গত রোববার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে রিয়াদের খোরদাম এলাকায় অবস্থিত কারখানাটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়লে ভেতরে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন। দুর্ঘটনায় স্বজনদের হারিয়ে দিশেহারা পরিবারগুলোর অনেকে এখনো তাদের প্রিয়জনের মরদেহের সুরতহাল ও পরিচয়ের চূড়ান্ত স্বীকৃতির অপেক্ষায় প্রহর গুনছেন।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রিয়াদে অগ্নিকাণ্ডের ঘটনায় আত্রাই উপজেলার অন্তত ১০ জন রেমিট্যান্স যুদ্ধার মৃত্যুর নিশ্চিত তথ্য পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন প্রবাসী পরিবারগুলোর সার্বিক যোগাযোগ ও সহায়তায় তৎপর রয়েছে।

আপনার মতামত দিন