জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক (২৭) নামে এক বিচারক মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় কার চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) ভোর ৫টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহত একেএম ছামিউল হক জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে সিভিল জজ (সহকারী জজ) হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি শেষে প্রাইভেটকারযোগে ঢাকার লালমাটিয়া থেকে জামালপুর কর্মস্থলে ফিরছিলেন বিচারক সামিউল হক। পথিমধ্যে লাহিড়ীকান্দা এলাকায় একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় রডবোঝাই ট্রাকটি সড়কের ওপর দাঁড় করিয়ে ভেতরে ঘুমিয়ে পড়েন ট্রাকের চালক ও হেলপার। এ সময় দ্রুতগামী প্রাইভেটকারটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা রড প্রাইভেটকারের ভেতরে ঢুকে বিচারকের শরীরে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় চালক ইদ্রিস আলীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সিভিল জজ ছামিউল হকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত দিন