টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর কয়েক মাস পর তাঁর সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন ও বিস্ফোরক দাবি করেছেন মডেল-অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। তাঁর দাবি অনুযায়ী, মৃত্যুর পূর্বে রাহুলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল এবং তা প্রকাশ্যে আনার পরিকল্পনাও করছিলেন তাঁরা।
নিজের দাবির সপক্ষে একটি সিসিটিভি ফুটেজের কথা উল্লেখ করে মৌমিতা জানান, দোলের দিন শুটিং শেষে রাহুল তাঁর কাছে আসেন এবং নিজে হাতে তাঁকে আবির মাখিয়ে দেন। প্রয়াত স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন রং খেলা থেকে বিরত থাকলেও রাহুলের আহ্বানেই তিনি আবার দোলে অংশ নেন।
মৌমিতা আরও জানান, রাহুলের শেষ শুটিংয়ের দিন জলে নামার আগেও তাঁদের মধ্যে ফোনে কথা হয়েছিল। এর আগে প্রসংগত, উত্তরবঙ্গে একটি চলচ্চিত্রের চিত্রগ্রহণের সময় তাঁদের সম্পর্ক ও পারস্পরিক নির্ভরতা গভীর হয়।
অন্যদিকে, রাহুলের প্রাক্তন স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে মৌমিতা বলেন, প্রিয়াঙ্কা ও রাহুলের মধ্যে একটি সুন্দর বন্ধুত্বের সম্পর্ক ছিল। রাহুলের অকালপ্রয়াণের পর প্রিয়াঙ্কাকে তাঁদের সন্তান সহজ ও শাশুড়িকে সামলাতে দেখা গেলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রতিক্রিয়া নিয়ে নানা আলোচনা ও কটাক্ষের সৃষ্টি হয়।
উল্লেখ্য, গত ২৯ মার্চ তালসারি সমুদ্রসৈকতে একটি নাটকের চিত্রগ্রহণের সময় সলিলসমাধি ঘটে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তাঁর মৃত্যুর পর থেকে প্রিয়াঙ্কা সরকার ও তাঁর সম্পর্ক এবং এখন মৌমিতা পণ্ডিতের এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আপনার মতামত দিন