সিলেটের একাধিক উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পাঁচ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে পদযাত্রা ও সমাবেশ করবেন এনসিপির নেতারা। পাশাপাশি একই দিন সকাল ১১টায় গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভারও আয়োজন করা হয়েছে বলে জানান এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল।
কর্মসূচিগুলোকে কেন্দ্র করে সিলেটের এই পাঁচ উপজেলায় থমথমে পরিস্থিতি ও টান টান উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনকে বিজিবি মোতায়েনের নির্দেশনা দিয়ে চিঠি পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রক্ষিতে বৃহস্পতিবার ও শুক্রবার—এই দুই দিনের জন্য বিজিবি চাওয়া হয়েছে।
সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার জানান, সীমান্তবর্তী এলাকা হওয়া এবং একাধিক কর্মসূচি সূর্যাস্তের পর অনুষ্ঠিত হওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ সদস্যের পাশাপাশি বিজিবিও মোতায়েন থাকবে।

আপনার মতামত দিন