সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির অঙ্গসংগঠন যুবশক্তির নেতা তারেক জামিলসহ একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার পাঁচমাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির প্রতিনিধি দলটি কানাইঘাটের দিকে যাওয়ার পথে এ আক্রমণের শিকার হয়।
এনসিপির সিলেট জেলার সদস্যসচিব কামরুল আরিফ ঘটনার বিবরণ দিয়ে জানান, "আমাদের গাড়িবহর পাঁচমাইল এলাকায় পৌঁছালে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল পথরোধ করে। তারা রড ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় সারজিস আলম, আতিফ মুজাহিদ, ডা. মাহমুদা আলম মিতু এবং আমার ব্যবহার করা গাড়ি ব্যাপক ভাঙচুরের শিকার হয়।"
তিনি আরও বলেন, "গাড়ি থেকে নেমে এলে হামলাকারীরা নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এতে যুবশক্তি সিলেট জেলার সাবেক দপ্তর সম্পাদক তারেক জামিল গুরুতর আঘাত পান।"
হামলা পরবর্তীতে নিরাপত্তার তীব্র ঘাটতি থাকায় তারা গন্তব্যে না গিয়ে ফিরে আসতে বাধ্য হন বলে জানান তিনি। বর্তমানে প্রতিনিধি দলটি সিলেট সার্কিট হাউসে অবস্থান করছে।
এদিকে এনসিপি নেতা সারজিস আলম অভিযোগ করে জানিয়েছেন, গোলাপগঞ্জের পাঁচমাইল বাজার এলাকার আগেই তাদের ওপর পরপর দুই দফায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

আপনার মতামত দিন