কাঠমিস্ত্রির কাজ করিয়ে পাওনা পারিশ্রমিক না দেওয়া এবং শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে কলকাতার জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কাঠমিস্ত্রি রাজ কাপুর শর্মা ইতোমধ্যে কলকাতার বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিনেতা সোহমের বাড়িতে আলমারি তৈরির কাজ করছিলেন ওই কাঠমিস্ত্রি। গত ১২ মে ৫৫ হাজার টাকার চুক্তিতে সোহমের বাড়িতে আলমারি বানানোর কাজ শুরু হয় এবং অগ্রিম বাবদ ৩০ হাজার টাকা দেওয়া হয়। পরবর্তীতে কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় তিনি আরও দুটি আলমারি তৈরির কাজ করেন। কাজ অর্ধেক শেষ হওয়ার পর বকেয়া ও অতিরিক্ত পারিশ্রমিক চাইতে গেলে বিপত্তি ঘটে। অভিযোগকারীর দাবি, টাকা চাওয়াকে কেন্দ্র করে সোহম তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে মারধরও করা হয়।
এই ঘটনায় অভিনেতা সোহম চক্রবর্তীর পাশাপাশি তাঁর দেহরক্ষী তোতন সর্দারের বিরুদ্ধেও থানায় অভিযোগ জানানো হয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত সোহম চক্রবর্তীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও চলতি বছরের জুলাই মাসে এক ব্যবসায়ী সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ৬৮ লাখ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে টালিগঞ্জের চারু মার্কেট থানায় মামলা দায়ের করেছিলেন।

আপনার মতামত দিন