সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা, প্রযোজক এবং ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর একটি ভুয়া খবর ছড়িয়ে পড়েছে। কোনো নির্ভরযোগ্য সূত্র বা ভিত্তি ছাড়াই তার মৃত্যুর গুঞ্জন রটানো হয়, যা নিয়ে চলচ্চিত্র অঙ্গন ও ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
তবে এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে নিশ্চিত করেছেন নিসচা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। তিনি সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জানান, ইলিয়াস কাঞ্চন সুস্থ আছেন।
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন লন্ডনে চিকিৎসাধীন থাকার পর গত ৩ আগস্ট দেশে ফেরেন এই বরেণ্য অভিনেতা। দেশে ফিরে তিনি পরিবার ও সহকর্মীদের সঙ্গে সময় কাটান।
আলমগীর, মিশা সওদাগর, শবনম, আনোয়ারা, সুচন্দা, রোজিনা ও চম্পাসহ চলচ্চিত্র অঙ্গনের বহু গুণী শিল্পী তার সঙ্গে দেখা করেন।
গত ৭ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নিসচার ১১তম মহাসমাবেশেও তিনি সশরীরে অংশ নেন।
সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে তিনি কিশোরগঞ্জের গ্রামের বাড়িতেও যান এবং নিজের শারীরিক অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন।
এর আগেও বিভিন্ন সময়ে এই অভিনেতাকে নিয়ে এমন ভুয়া মৃত্যুসংবাদ ছড়ানো হয়েছিল। এবারও নতুন করে এই গুজব ছড়ানোর পর তার পরিবার ও ঘনিষ্ঠজনরা দেশবাসীকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

আপনার মতামত দিন