‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির ব্যাপক সাফল্যের পর চার বছরের দীর্ঘ বিরতি ভেঙে বড় পর্দায় ফিরলেন ‘রকিং স্টার’ যশ। তাঁর নতুন সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোনআপস’ মুক্তির পরপরই মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও বক্স অফিসে দারুণ ঝড় তুলেছে।
সিনেমাটি নিয়ে নেতিবাচক কিছু রিভিউ ও আইনি জটিলতা তৈরি হলেও অগ্রিম বুকিংয়ে দারুণ সাড়া পাওয়া গেছে। মুক্তির প্রথম দিনেই ভারতে ১৫ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে, যেখান থেকে আয় হয়েছে প্রায় ৪৯ কোটি রুপি। সব মিলিয়ে সিনেমাটির বিশ্বব্যাপী উদ্বোধনী আয় ১০০ কোটি রুপি ছুঁয়ে ফেলতে পারে বলে বাণিজ্য বিশেষজ্ঞরা ধারণা করছেন।
১৯৫০-এর দশকের গোয়ার পটভূমিতে নির্মিত ‘টক্সিক’ একটি সহিংস প্রতিশোধের গল্প, যাকে নির্মাতারা ‘বড়দের জন্য রূপকথা’ হিসেবে আখ্যায়িত করেছেন। গ্যাংস্টার ঘরানার এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন যশ। গীতু মোহনদাস ও যশের যৌথ পরিচালনায় এতে আরও পাঁচজন জনপ্রিয় অভিনেত্রী—কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, রুক্মিনি বসন্ত ও হুমা কুরেশি অভিনয় করেছেন। ট্রেলার ও টিজারে সহিংসতার মাত্রা এবং গ্রাফিক দৃশ্য নিয়ে কিছু সমালোচনা ও মামলা হলেও, কোনো দৃশ্য বাদ না দিয়েই সিনেমাটিকে ‘এ’ সার্টিফিকেট দিয়ে ছাড়পত্র দেয় সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)।
কন্নড় ও ইংরেজি ভাষার পাশাপাশি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তিপ্রাপ্ত এই সিনেমার মুক্তি এর আগে নানা কারণে কয়েক দফা পেছালেও ২৬ আগস্ট মুক্তির পর যশের ভক্তরা এটিকে উৎসবে রূপ দিয়েছেন। প্রথম দিনের শক্তিশালী এই বক্স অফিস সংগ্রহ প্রমাণ করে যে, নেতিবাচক সমালোচনার প্রভাব এখনো ছবির ব্যবসায় নেতিবাচক কোনো ধাক্কা ফেলতে পারেনি।

আপনার মতামত দিন