যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা রক্ষা ও সৃজনশীল মেধা বিকাশের লক্ষে কেবল প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা-নাটক নির্মাণ এবং সম্প্রচার বন্ধের দাবিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই নোটিশ পাঠান।
মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান বরাবর এই নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে, বর্তমান মিডিয়া শিল্পে কেবল প্রেম ও মাত্রাতিরিক্ত রোমান্টিক কনটেন্টের আধিক্যের কারণে সাংস্কৃতিক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। এর ফলে যুবসমাজ ও শিক্ষার্থীরা পড়াশোনা ও ক্যারিয়ার থেকে বিচ্যুত হচ্ছে। নাটক ও সিনেমায় পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক বা মহিমান্বিত করে উপস্থাপনের ফলে সমাজের নৈতিক কাঠামো চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামাজিক নৈরাজ্য বাড়ছে।
আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন সংবিধানে বর্ণিত নাগরিকদের কর্তব্য, বাকস্বাধীনতার যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা এবং রাষ্ট্রীয় সংস্কৃতি সংরক্ষণের সাংবিধানিক দায়িত্বের কথা আইনি যুক্তিতে তুলে ধরেন।
নোটিশে অবিলম্বে কেবল প্রেমভিত্তিক কনটেন্ট নির্মাণে বিধিনিষেধ আরোপ এবং এর পরিবর্তে দেশপ্রেম, বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক চলচ্চিত্র-নাটক নির্মাণে বাধ্যতামূলক নির্দেশনা জারির দাবি জানানো হয়েছে।

আপনার মতামত দিন