নেপালে নতুন সিনেমার শুটিংয়ে গিয়ে প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন জনপ্রিয় টলিউড অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। নেপাল-চীন সীমান্তবর্তী রাসুয়া জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে অভিনেতার সঙ্গে যোগাযোগ করতে না পেরে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার পরিবার।
অভিনেতার ছেলে তমোঘ্ন মুখোপাধ্যায় (বিহু) সংবাদমাধ্যমকে জানান, আতঙ্কিত হওয়ার মতো গুরুতর কিছু ঘটেনি বলেই তারা আশা করছেন। খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে তার স্ত্রীও নেপালে রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত শুক্রবারই স্ত্রীর সঙ্গে শেষ কথা হয়েছিল, তবে শনিবার থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পাহাড়ি এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ভূমিধসের কারণে স্থানীয় মোবাইল নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দ্রুত ফ্লাইট পাওয়া যাবে এবং তারা নিরাপদে দেশে ফিরতে পারবেন বলে আশাবাদী পরিবার।

আপনার মতামত দিন