সিনেমায় ব্যস্ততার কারণে টিভি নাটকে অনিয়মিত হয়ে পড়া জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে আবারও নাটকের শুটিংয়ে ফিরেছেন। প্রায় সাড়ে চার মাস নতুন কোনো নাটকের কাজ না করায় চারদিকে নাটক ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, যা নিজেই উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।
জানা গেছে, সম্প্রতি তিনি দুটি নতুন নাটকের কাজ শেষ করেছেন। এর মধ্যে মহিদুল মহিমের পরিচালনায় ‘ভালোবাসার অভিযান’ এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘প্রথম দেখার পর’ নাটকে অভিনয় করেছেন তিনি। ‘প্রথম দেখার পর’ নাটকে তিশার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।
নাটকে ফেরা প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘নাটক আমার শিকড় এবং এই জায়গা থেকে নিজেকে কখনো দূরে সরিয়ে রাখতে চাই না। যখন মনে হলো আবার কাজ শুরু করা উচিত, তখন নাটকের জন্য শিডিউল দিই।’
এদিকে গত বছর সাকিব ফাহাদের পরিচালনায় ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যুক্ত হন এই অভিনেত্রী। দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন শাকিব খান। ছবিটিতে আরও অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তারিক আনাম খান ও তৌকীর আহমেদের মতো শিল্পীরা। সিনেমাটির একটি গান ও কয়েকটি দৃশ্যের কাজ বাকি রয়েছে, যা আগামী মাসে শেষ হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষদিকে সিনেমাটি মুক্তি পেতে পারে।

আপনার মতামত দিন