হোম / বিনোদন / সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
বিনোদন

সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

বিনোদন ডেস্ক
২৯ আগস্ট, ২০২৬ | ১১:১৬ অপরাহ্ন
৯৬ বার পঠিত
ফন্ট:
নতুন সিনেমা ‘আওয়ারাপন টু’র দুর্দান্ত সাফল্যে বক্স অফিসে দাপট দেখাচ্ছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি।

নতুন সিনেমা ‘আওয়ারাপন টু’র দুর্দান্ত সাফল্যে বক্স অফিসে দাপট দেখাচ্ছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তবে এই সাফল্যের আনন্দ পুরোপুরি উপভোগ করার আগেই ভাইরাসবাহিত সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন এই তারকা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছুদিন ধরে অসুস্থবোধ করার পর মুম্বাইয়ে পরীক্ষা করালে চিকিৎসকরা তার শরীরে সোয়াইন ফ্লুর উপস্থিতি নিশ্চিত করেন। বর্তমানে চিকিৎসকদের কঠোর নজরদারিতে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি।

সম্প্রতি পেশাগত কাজে ভারতের রাঁচিসহ বিভিন্ন শহর সফর শেষে মুম্বাইয়ে ফেরেন ইমরান। এর পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি ঘটায় ভারতের ব্যাঙ্গালুরুতে আয়োজিত সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকতে পারেননি তিনি। এ ঘটনায় ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্ষমাও চেয়েছেন এই অভিনেতা।

এদিকে অসুস্থতার খবর এলেও বক্স অফিসে ‘আওয়ারাপন টু’ সিনেমার অপ্রতিরোধ্য গতি অব্যাহত রয়েছে। স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি ইতোমধ্যে ভারতীয় বাজারে ৪০ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত মূল ‘আওয়ারাপন’ সিনেমার আজীবন আয়কে ছাড়িয়ে যায়। এছাড়া প্রথম শনিবারে মধ্যেই এটি ইমরানের পূর্ববর্তী হিট সিনেমা ‘হক’, ‘রাজ টু’, ‘এক থি ডাইন’ এবং ‘জন্নাত’-এর মতো চলচ্চিত্রের মোট ব্যবসাকে পেছনে ফেলেছে। এমনকি বক্স অফিসের লড়াইয়ে এটি সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমার চেয়েও বেশ এগিয়ে রয়েছে।

২০০৭ সালের জনপ্রিয় ক্রাইম-থ্রিলার ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘আওয়ারাপন টু’। বিশেষ ফিল্মসের ব্যানারে বিশেষ ভাট প্রযোজিত এবং নিতিন কক্কর পরিচালিত এ সিনেমায় ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। পর্দায় পুরোনো চেনা এবং লজেন্স রূপ নিয়ে ইমরানের এই কামব্যাক দর্শক ও ভক্তদের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

 

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+