বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক ও সহকারীসহ (হেলপার) চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ সড়কের কাজীপাড়া বউবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে লুৎফর রহমান নামে একজনের পরিচয় পাওয়া গেলেও বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের মধ্যে দুইজন মাছ ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁয় মাছ বিক্রি শেষে একটি পিকআপ ভ্যান বগুড়ার দিকে ফিরে আসছিল। গাড়িটি কাহালুর কাজীপাড়া বউবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক (বগুড়া) থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “নিহত চারজনের মধ্যে একজনের নাম জানা গেছে। অন্য তিনজনের নাম-পরিচয় দ্রুত শনাক্তের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

আপনার মতামত দিন