যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’-এ অফিসিয়ালি নির্বাচিত হয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ফ্যাশন ফিল্ম ‘হিউজ অব লংগিং’। আগামী ২৩ সেপ্টেম্বর লন্ডনের লেস্টার স্কয়ারের ‘ভিউ ওয়েস্ট অ্যান্ড’ সিনেমা কমপ্লেক্সে এই উৎসব অনুষ্ঠিত হবে। তবে শুটিংয়ের ব্যস্ততার কারণে তিনি উৎসবে সশরীরে উপস্থিত থাকতে পারছেন না।
রণদীপ ভট্টাচার্য ও যুধাজিৎ বাগচী পরিচালিত এবং মুম্বাইভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইয়ানুস ফিল্মস’-এর ব্যানারে নির্মিত হয়েছে ৩ মিনিট ২৫ সেকেন্ডের এই শর্টফিল্ম। ফরাসি কবি ও নাট্যকার জঁ ককতোর বিখ্যাত মনোড্রামা ‘দ্য হিউম্যান ভয়েস’ থেকে অনুপ্রাণিত হয়ে এটি তৈরি করা হয়েছে। এতে ভালোবাসার অনুপস্থিতি, স্মৃতি ও অপেক্ষার নিদারুণ অনুভূতি ফুটিয়ে তোলা হয়েছে।
গত বছর পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে হুগলি নদীর তীরের একটি ঐতিহাসিক ঔপনিবেশিক বাড়ির আলো-আঁধারি পরিবেশে ছবিটির দৃশ্যধারণ করা হয়। পরীক্ষামূলক এই কাজটি প্রসঙ্গে জয়া আহসান জানান, এর অভিজ্ঞতা অত্যন্ত অসাধারণ ছিল এবং এতে তার স্টাইলিস্ট হিসেবে কাজ করেছেন ঋষভ।

আপনার মতামত দিন