সংগীতের টানে তরুণ বয়সে ঘর ছাড়া দেশের রক আইকন ও ভক্তদের প্রিয় ‘গুরু’ জেমস বর্তমানে ইউরোপ সফরে সুইডেনে অবস্থান করছেন। আগামী ৬ সেপ্টেম্বর সেখানে প্রবাসী বাংলাদেশিদের কনসার্টে গান শোনাবেন তিনি।
সুইডেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে জেমস বলেন, "কোনো কিছু পাওয়ার জন্য মিউজিক করা ঠিক না। মিউজিক করতে হবে নিজের প্রশান্তির জন্য। আজ যদি আমি কোনো কিছু নাও পেতাম, তাহলেও গানই করে যেত।" নতুন প্রজন্মের শিল্পীদেরও কোনো প্রাপ্তির আশা বা পাওয়ার লোভে সংগীতে না আসার পরামর্শ দিয়েছেন তিনি।
আশির দশকের শুরুতে চট্টগ্রামের ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে পথচলা শুরু করা জেমস সুরের জাদুতে পার করেছেন কয়েক প্রজন্ম। এ প্রসঙ্গে তাঁর স্বভাবসুলভ মন্তব্য, যখন মঞ্চে দাঁড়ান, মনে হয় সবাই আগেরই শ্রোতা; সময়ের পরিবর্তন বা জেনারেশন চেঞ্জ তাঁর খেয়ালই হয় না।
সুইডেনের কনসার্ট দিয়েই তাঁর এই দীর্ঘ ইউরোপ সফরের সমাপ্তি ঘটবে। এরপর তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন, যেখানে আগামী ১২ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলসের একটি বিশেষ কনসার্টে কলকাতার ফসিলস ব্যান্ডের রূপম ইসলামের সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন তিনি।

আপনার মতামত দিন