চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’কে হত্যা ও অস্ত্র উদ্ধারের পৃথক দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২ আগস্ট) দুপুরে চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন অন্য একটি আদালত।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ফটিকছড়ির আলোচিত জামাল উদ্দিন হত্যা মামলায় পাঁচ দিন এবং সম্প্রতি অস্ত্র উদ্ধারের অন্য একটি মামলায় পাঁচ দিনসহ মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি অস্ত্র উদ্ধার মামলায় জড়িত অন্য চার আসামিকেও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। রিমান্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—মো. মিঠু ওরফে ধামা ইলিয়াছ, মোহাম্মদ শামীম, মোহাম্মদ সাফায়েত হোসেন ও আল ইসলাম আলিফ।
চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার বাসিন্দা ডেভিড ইমন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে জোড়া খুনসহ অন্তত ১৮টি মামলা রয়েছে। গত ২৮ জুলাই গভীর রাতে যশোর থেকে চট্টগ্রাম ও যশোর ডিবি পুলিশের যৌথ অভিযানে তিনি গ্রেপ্তার হন। ৩০ জুলাই তাঁকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সোশ্যাল মিডিয়ায় পিস্তল হাতে ছবি ভাইরাল হওয়া এই সন্ত্রাসী সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে ফটিকছড়ির লেলাং ইউনিয়নে জামায়াত কর্মী জামাল উদ্দিন হত্যা এবং ১৩ জুলাই নগরীর চকবাজারে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান (ডিডিএন)-এর কার্যালয়ে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলার ঘটনা অন্যতম।
ইন্টারনেট অফিসে হামলার দু’দিন আগে হোয়াটসঅ্যাপে হুমকি দিয়ে ডেভিড ইমন ২ কোটি টাকা এককালীন ও প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা ওই কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও প্রায় ৩৫ লাখ টাকা লুটপাট চালায়। উক্ত হামলায় জড়িত অন্য আটজনকেও এরই মধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে ইমনের কাছে থাকা অন্যান্য অবৈধ অস্ত্রের অবস্থান ও বাহিনীর বাকি সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

আপনার মতামত দিন