দীর্ঘ বিরতি ভেঙে সংগীতাঙ্গনে ফিরছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড 'অর্থহীন'। ব্যান্ডটির এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আগামী ১১ সেপ্টেম্বর চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’।
লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের আয়োজনে দিনব্যাপী এই উৎসবে অর্থহীনের পাশাপাশি আরও পারফর্ম করবে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ও শিল্পীরা—অ্যাভয়েডরাফা, এ কে রাহুল, নেমেসিস, লেভেল ফাইভ এবং তীরন্দাজ। এক মঞ্চে দেশের ছয়টি রক শক্তির এই মিলনমেলা সংগীতপ্রেমীদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা হতে চলেছে।
আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবকে আকর্ষণীয় করে তুলতে আধুনিক স্টেজ প্রডাকশন, উন্নত মানের সাউন্ড ও লাইটিংয়ের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। দর্শকদের জন্য অনুষ্ঠানের দিন বেলা ২টায় গেট খোলা হবে এবং বেলা ৩টায় মূল শো শুরু হবে। তবে সন্ধ্যা ৬টায় প্রবেশের গেট চিরতরে বন্ধ করে দেওয়া হবে এবং রাত ১০টায় পুরো আয়োজনের সমাপ্তি ঘটবে।
এদিকে অর্থহীনের দীর্ঘ প্রতীক্ষিত এই প্রত্যাবর্তনকে ঘিরে বন্দরনগরী চট্টগ্রামের তরুণ ও সংগীতপ্রেমীদের মধ্যে এরই মধ্যে দারুণ উদ্দীপনা ও বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

আপনার মতামত দিন