ইতালির ভেনিসে হামলার ও লাঞ্ছনার শিকার হওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভেনিসের পিয়াচ্ছা লে রোমা পুলিশ স্টেশনে উপস্থিত হয়ে তিনি এই মামলা দায়ের করেন। এ সময় থানায় প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন তিনি এবং ঘটনার সমস্ত ভিডিওচিত্র পুলিশকে সরবরাহ করেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বাঁধন দৃঢ়তার সঙ্গে জানান যে, মামলা না করে তিনি ভেনিস ছাড়বেন না। ঘটনার পর ইতালীয় পুলিশ তাকে নিরাপদে সরিয়ে নেয় এবং বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। মামলা দায়েরের পুরো প্রক্রিয়ায় মিলান কনস্যুলেট ও ইতালির বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিদল তার সঙ্গে ছিল।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক মাধ্যমে জানান, বাঁধনের সঙ্গে তার টেলিফোনে বিস্তারিত কথা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা সম্পন্ন করার পাশাপাশি ইতালির মূলধারার গণমাধ্যমেও এই নিপীড়নের ঘটনা বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।
এদিকে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। উৎসবের আমন্ত্রিত অতিথি হওয়ায় আয়োজকরাও পুলিশকে বিষয়টি অবগত করেছেন। বাঁধনকে উৎসব শেষে নিজ দেশে ফেরার কথা থাকলেও, পরবর্তীতে সাক্ষ্য দেওয়ার জন্য প্রয়োজন হলে তাকে আবারও ইতালিতে যেতে হতে পারে এবং তিনি সে বিষয়ে সম্মতিও জানিয়েছেন।
গত সোমবার রাতে ভেনিসে এই অপ্রীতিকর ও হেনস্তার ঘটনার পর থেকেই দেশজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।

আপনার মতামত দিন