খুলনা নগরীর দৌলতপুর থানার অদূরে দিনেদুপুরে জলিল মুন্সি (৩৫) নামের এক জুট মিল শ্রমিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে দৌলতপুর থানাধীন কুলিবাগান মোড়ে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে এবং স্থানীয় ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক ছিলেন। থানার ঘটনাস্থল থেকে দূরত্ব মাত্র দুই থেকে তিনশ গজ।
স্থানীয়দের সূত্রে পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে আসা তিন দুষ্কৃতকারী কুলিবাগান মোড়ে জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি চালায়। তার বুক ও পিঠে গুলি লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। এ সময় পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া করলেও আটক করতে সক্ষম হয়নি।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, মোটরসাইকেল আরোহী তিন সন্ত্রাসী জলিল মুন্সিকে গুলি করে পালিয়ে যায়। পুলিশের টহল টিম ধাওয়া করলেও তাদের ধরা যায়নি। প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত কোনো বিরোধ বা লেনদেনের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশি তদন্ত চলছে।

আপনার মতামত দিন