বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন দুই বাংলার জনপ্রিয় দুই রক তারকা নগর বাউল জেমস ও কলকাতার ‘ফসিলস’ ব্যান্ডের রূপম ইসলাম। সিডনিতে পৌঁছেই জেমসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রূপম এবং শ্রদ্ধার নিদর্শনস্বরূপ তার পা ছুঁয়ে সালাম করেছেন। প্রিয় শিল্পীর সঙ্গে এই সাক্ষাতের একটি ভিডিও নিজেই নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন এই তারকা।
ভিডিওতে রূপমকে আবেগপ্রবণ হয়ে বলতে শোনা যায়, ‘আমার পাশে দাঁড়িয়ে আছেন মহাগুরু... ছোটবেলা থেকে যার গান শুনে অন্য এক আমেজ পেয়েছি। শুধু আমার প্রজন্ম নয়—একটা গোটা দেশ, একটা গোটা প্রজন্ম, একটা গোটা ভাষা জেমস ভাইয়ের গানে প্রভাবিত।’ দীর্ঘদিনের বন্ধু ও সহশিল্পীকে পেয়ে জেমসও ভিডিওতে জানান, এবার সিডনিতে তাদের প্রচুর কথা হবে এবং ঘোরাঘুরিও হবে।
এর আগে ২০১১ সালে ঢাকায় রক ফেস্টে প্রথমবার একসঙ্গে মঞ্চে ওঠার স্মৃতি রোমন্থন করেন তারা। সবশেষ ২০২৪ সালে ভারতের ‘পুজোওয়ালাদের গান’ শিরোনামের কনসার্টেও একই মঞ্চে পারফর্ম করেছিলেন এই দুই তারকা।
সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে আজ শনিবার দুই বাংলার এই দুই রক তারকার কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই জমজমাট আয়োজনকে কেন্দ্র করে অস্ট্রেলিয়াপ্রবাসী বাঙালি সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।

আপনার মতামত দিন