চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ২০ দিনের এক শিশুকন্যাসহ ১০ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়। এই মানবিক উদ্যোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিএসএফের ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।
ঘটনাটি ঘটে গত শনিবার (১২সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে। চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী থেকে জোহরপুর-টেকের উদ্দেশে ১২জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া একটি ইঞ্জিনচালিত নৌকা উত্তাল পদ্মায় ডুবে যায়। নৌকাটিতে সোহেল ও তানিয়া খাতুন দম্পতির মাত্র ২০দিন বয়সী সন্তান তানিশাও ছিল। নৌকাডুবির পর স্রোতের টানে ভেসে গিয়ে শিশুটিসহ ১০জন যাত্রী ভারতীয় জলসীমায় পৌঁছালে বিএসএফের সদস্যরা তাদের স্পিডবোটে করে নিরাপদে উদ্ধার করেন।
পরে ৫৩বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই ১০বাংলাদেশিকে বিজিবি মহলের কাছে হস্তান্তর করা হয় এবং স্থানীয়দের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় মো. মোস্তফা (৬০) নামের এক বৃদ্ধ এখনও নিখোঁজ রয়েছেন।
এদিকে উত্তাল পদ্মা থেকে ২০ দিনের শিশু তানিশা ও অন্যান্য যাত্রীদের উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সাড়া ফেলে। নেটিজেনরা সীমান্ত পেরিয়ে বিএসএফের এই মানবিক আচরণের মুক্তকণ্ঠে প্রশংসা করেন। বাবুল হোসেন, নাজমুল হক ও নায়েম ইসলামের মতো অনেকেই মন্তব্যের ঘরে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও মানবতার জয়গান গেয়ে বিএসএফকে ধন্যবাদ জানান। সীমানা ও রাজনৈতিক গণ্ডি পেরিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ঘটনা মানবতার এক অনন্য নজির স্থাপন করেছে।

আপনার মতামত দিন