হোম / সারাদেশ / কমলগঞ্জে ধলাই নদে টমটমসহ পড়ে চালক নিখোঁজ
সারাদেশ

কমলগঞ্জে ধলাই নদে টমটমসহ পড়ে চালক নিখোঁজ

মৌলভীবাজার প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ০৯:৫৪ পূর্বাহ্ন
৫৮ বার পঠিত
ফন্ট:
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদে টমটমসহ পড়ে প্রিতম এরিক ওরফে পিতু (২৩) নামের এক চালক নিখোঁজ হয়েছেন।

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদে টমটমসহ পড়ে প্রিতম এরিক ওরফে পিতু (২৩) নামের এক চালক নিখোঁজ হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক যাত্রীকে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন চালক প্রিতম। সেখান থেকে ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদের পাড়ে টমটমটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদে পড়ে যায়। এ সময় তিনি পানিতে তলিয়ে যান। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালালেও চোখের পলকেই তিনি স্রোতে তলিয়ে যান।

খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন এবং নদ থেকে ভাসমান টমটমটি উদ্ধার করতে সক্ষম হন। তবে চালকের সন্ধান না মেলায় সিলেট থেকে বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার ফারুক আহমদ জানান, মৌলভীবাজারে নিজস্ব ডুবুরি দল না থাকায় সিলেট থেকে দলটিকে তলব করা হয়েছে। তারা পৌঁছানোর পর উদ্ধার তৎপরতা আরও জোরদার করা হবে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিখোঁজ চালককে উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

নিখোঁজ প্রিতম এরিক কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার টমাস এরিকের ছেলে। তার আকস্মিক এ নিখোঁজের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ম
মৌলভীবাজার প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+