মুন্সীগঞ্জ সদর উপজেলার দেওয়ানকান্দি এলাকায় পদ্মা নদীর তীব্র স্রোত ও ভয়াবহ ভাঙনে ইমাম আবু হানিফা জামে মসজিদ নামের একটি আস্ত মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শুক্রবার রাতের অন্ধকারে মসজিদটি নদীতে চলে গেলেও স্থানীয়রা বিষয়টি টের পান শনিবার ভোরে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, দেওয়ানকান্দি, রাকিরকান্দি ও পূর্বরাখী এলাকায় পদ্মার পাড়জুড়ে ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। পানি উন্নয়ন বোর্ডের ফেলা বালুর বস্তার অস্থায়ী প্রতিরোধব্যবস্থাও প্রবল স্রোতের মুখে ধসে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার ফলেই নদী গভীর হয়ে এই ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। এর ফলে মাদানী কমপ্লেক্স মাদরাসার ১০০ শতাংশ জমিতো বটেই, আশপাশের বহু ঘরবাড়ি ও মাহফিলের মাঠ ইতিমধ্যে পদ্মায় বিলীন হয়ে গেছে। খোলা আকাশের নিচে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে পরিস্থিতি পরিদর্শনে রোববার বিকেলে ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক নুর মহল আশরাফী। এ সময় তারা ভাঙন রোধে অস্থায়ী বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক জানান, ঝুঁকিপূর্ণ এলাকা রক্ষায় মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শেখ এনামুল হক জানান, নদীর তীব্র স্রোতের মধ্যেও ভাঙনরোধে তাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মতামত দিন