চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ মো. মশিউর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী ধনীপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটক মশিউর রহমান ভোলাহাট উপজেলার তিলকি গ্রামের জেম আলীর ছেলে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক এক কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশি চালায়। এ সময় একটি মোটরসাইকেলে থাকা ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে টহল দল দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনগুলো উদ্ধার করা হয় এবং তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র ও গোলাবারুদসহ যেকোনো ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত দিন