কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ পুত্র অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ক্যাম্পাসের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতীম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, এর আগে শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে ছবি তোলার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতীম। এরপর সে আর বাড়ি না ফেরায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে সন্তানকে খুঁজে পেতে তার মা ড. নাহিদা বেগম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আকুল আবেদন পোস্ট করেন। তিনি লেখেন, ‘আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতীম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় ছবিতে দেওয়া পাঞ্জাবিটি তার পরনে ছিল। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি—আমার ছেলেকে বাঁচান।’
মাত্র ১৩বছর বয়সী একমাত্র সন্তানকে এমন আকস্মিক ও মর্মান্তিকভাবে হারিয়ে সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছেন ড. নাহিদা বেগম ও তার পরিবারের সদস্যরা। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার ও স্থানীয় এলাকাবুঝের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত দিন