চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় পরিচ্ছন্নতা এবং মশক নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহানা আখতার জাহান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক তাছলিমা খাতুন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন এবং শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
র্যালি শেষে প্রধান অতিথি ফগার মেশিন চালুর মাধ্যমে মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি এডিস মশার সম্ভাব্য সব প্রজননক্ষেত্র দ্রুত চিহ্নিত করে তা ধ্বংস ও অপসারণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করা হয়।

আপনার মতামত দিন