পটুয়াখালী সদর উপজেলার ঢাকা-কুয়াকাটা মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন।
গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
নিহতরা হলেন: কাইয়ুম উদ্দিন (৫০), পিতা: রাজ্জাক পেদা, আমখোলা, গলাচিপা। শিল্পী রানী (৪০), পিতা: অনিল মিস্ত্রি, গলাচিপা। তিথি রানী (২৩), পিতা: দিয়েন মিস্ত্রি, বিলবিলাস, বাউফল। মিরাজ (৩৫), পিতা: সোবহান, হরিদেবপুর, গলাচিপা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনার তালতলী থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ‘ইমরান ট্রাভেলস’ নামের বাসটি। রাত পৌনে ১২টার দিকে ধলু গাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থল থেকেই তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত দিন