হোম / সারাদেশ / আখাউড়া সীমান্তে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার,...
সারাদেশ

আখাউড়া সীমান্তে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, ভারতীয় পুলিশে ময়নাতদন্ত

ডেস্ক রিপোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:১৯ পূর্বাহ্ন
৬৬ বার পঠিত
ফন্ট:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর সীমান্ত এলাকা থেকে মো. শাকিল (১৪) নামের এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর সীমান্ত এলাকা থেকে মো. শাকিল (১৪) নামের এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে এবং পরিবার সূত্রে সে মানসিকভাবে অসুস্থ ছিল বলে জানা গেছে।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত শুক্রবার থেকে শাকিল নিখোঁজ ছিল। দীর্ঘ খোঁজাখুঁজির পর শনিবার রাতে আব্দুল্লাহপুর সীমান্তের ভারতীয় অংশে তার মরদেহ দেখতে পায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেন।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি, বিএসএফ এবং দুই দেশের পুলিশের যৌথ আলোচনার মাধ্যমে ভারতীয় পুলিশ ময়নাতদন্তের জন্য তা নিয়ে যায়। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শাকিল কীভাবে সীমান্ত এলাকায় পৌঁছাল এবং তার মৃত্যুর প্রকৃত কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+