যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ‘দেয়ালের দেশ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই আন্তর্জাতিক অর্জন লাভ করেন তিনি।
পুরস্কার প্রাপ্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি লেখেন, “নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়ে আমি সত্যি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এই স্বীকৃতি কেবল আমার একার নয়, এই যাত্রার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের।”
সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট পুরো দলকে স্মরণ করে বুবলী আরও বলেন, “পরিচালক মিশুক মনি, প্রযোজক, লেখক, সহশিল্পী, চিত্রগ্রাহকসহ পর্দার পেছনের সব কলাকুশলীকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের অদম্য পরিশ্রম, উৎসর্গ ও বিশ্বাসের কারণেই আজ এই অর্জন সম্ভব হয়েছে।”
উৎসবের আয়োজক, পরিবার ও ভক্তদের প্রতি ধন্যবাদ জানিয়ে বুবলী উল্লেখ করেন, দর্শকদের অবিরাম ভালোবাসা ও সমর্থনই তাঁকে প্রতিনিয়ত ভালো কাজ করার এবং প্রতিটি চরিত্রে নিজের সেরাটা দেওয়ার অনুপ্রেরণা জোগায়। সামনের দিনগুলোতে আরও চমৎকার গল্প ও স্মরণীয় চরিত্র নিয়ে পর্দায় হাজির হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন এই চিত্রনায়িকা।

আপনার মতামত দিন