হোম / সারাদেশ / অপ্রতীমের নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দা...
সারাদেশ

অপ্রতীমের নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

কুবি প্রতিনিধি
২১ সেপ্টেম্বর, ২০২৬ | ০৯:০৮ পূর্বাহ্ন
৬৫ বার পঠিত
ফন্ট:
অপ্রতীমের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে শোক র‍্যালি ও মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে শোক র‍্যালি ও মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা আগামী এক সপ্তাহের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।

শিক্ষক সমিতির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, শিক্ষক সমিতির আহ্বায়ক ড. শামীমা নাসরিন, বিভিন্ন অনুষদের ডিন ও হলের প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা কুমিল্লার এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ক্যাম্পাস এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের জোরালো দাবি জানান।

ইউট্যাব কুবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, “আমরা ডিসি ও এসপি মহোদয়ের সঙ্গে বৈঠক করেছি। ইতিমধ্যে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্য সবাইকে আইনের আওতায় আনতে হবে। অন্য হত্যাকাণ্ডের মতো এটিও দ্রুত বিচার সম্পন্ন করে রায় বাস্তবায়নের দাবি জানাচ্ছি।” একইসঙ্গে তিনি ম্যাজিক প্যারাডাইস থেকে উত্তর গন্ধমতি ও বিজিবি সদর দপ্তর পর্যন্ত এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

শিক্ষক সমিতির আহ্বায়ক ড. শামীমা নাসরিন বলেন, “অপ্রতীমের এই নৃশংস হত্যাকাণ্ড কেবল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পুরো দেশের বর্তমান সামাজিক ও জননিরাপত্তার দুর্দশারই একটি প্রতিচ্ছবি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম ক্ষোভ প্রকাশ করে বলেন, “অপ্রতীম আমাদের সন্তান। আমরা আর কত মানববন্ধন করব? সারা দেশে কিশোর গ্যাংয়ের যে আখড়া গড়ে উঠেছে, তা কঠোরহাতে দমন করতে হবে। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার চাই।”

ক
কুবি প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+