হোম / সারাদেশ / শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দালালের...
সারাদেশ

শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দালালের দৌরাত্ম্য, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা

শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ
২১ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:২৩ অপরাহ্ন
১২৬ বার পঠিত
ফন্ট:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। খোদ জরুরি বিভাগে বহিরাগত অ্যাম্বুলেন্সের চালক দিয়ে রোগীর দেহে ইনজেকশন পুশ করানোর মতো গুরুতর ঘটনাও ধরা পড়েছে। এছাড়া ঘটনা ধামাচাপা দিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের ম্যানেজ করার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এক নারী রোগীকে ইনজেকশন পুশ করেন এক বহিরাগত অ্যাম্বুলেন্সচালক। ওই সময় জরুরি বিভাগে দায়িত্বরত ছিলেন ডা. আলমগীর হোসেন ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আব্দুস সালাম।

হাসপাতালে দালালদের দৌরাত্ম্যও চরমে পৌঁছেছে। সেবা নিতে আসা সাধারণ রোগীদের জোরপূর্বক বাইরে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। দাইপুকুরিয়া ইউনিয়নের এক গরিব ভুক্তভোগী মো. দুরুল হোদা অভিযোগ করেন, তাঁর বিষপানে অসুস্থ ছেলে দেলওয়ার হোসেনকে সরকারি হাসপাতালে আনার পর স্বাস্থ্য কমপ্লেক্সের নাইট গার্ড সেলিম তাঁর কাছ থেকে জোরপূর্বক ৫০০ টাকা হাতিয়ে নেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজির আহমেদের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়মিত অসদাচরণের অভিযোগ রয়েছে। তাঁর দুর্ব্যবহার ও অসহযোগিতামূলক আচরণের কারণে চিকিৎসকরা এখানে টিকতে চান না বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন। এছাড়া তিনি দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তাঁর চেম্বারে কাউকে প্রবেশ করতে দেন না।

এদিকে গত ২১সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার মো. মাজাহারুল ইসলাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫০টি ডেঙ্গু পরীক্ষার কিটস প্রদানকালে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম ও অপরিচ্ছন্নতা দেখে দুঃখ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারির অনুরোধ জানান। তিনি বলেন, বাইরে থেকে কেউ এসে বিশৃঙ্খলা বা হাঙ্গামা করলে তা অত্যন্ত দুঃখজনক।

সব অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজির আহমেদ বলেন, “আমি কারো সাথে দুর্ব্যবহার করি না। আজকেও একজন দালাল ধরে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি। বহিরাগত অ্যাম্বুলেন্সের চালক দিয়ে ইনজেকশন পুশ করার ঘটনায় ইতিমধ্যে শোকজ করা হয়েছে। জনবল সংকট, আল্ট্রাসাউন্ড মেশিন ও এক্স-রে ফিল্মের বিষয়টি উচ্চপর্যায়ে জানানো হয়েছে।” গণমাধ্যমকর্মীদের ম্যানেজ করার অভিযোগও তিনি অস্বীকার করেন, যদিও এ সংক্রান্ত একটি ভিডিও চিত্রে ভিন্ন সত্যতা মিলেছে বলে অভিযোগ রয়েছে।

শ
শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+