হোম / সারাদেশ / টাঙ্গাইলে সেতু নির্মাণে রডের বদলে বাঁশ: সাব-ঠ...
সারাদেশ

টাঙ্গাইলে সেতু নির্মাণে রডের বদলে বাঁশ: সাব-ঠিকাদার গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:৫২ পূর্বাহ্ন
৬৮ বার পঠিত
ফন্ট:
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ টাকার নির্মাণাধীন একটি সেতুতে রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ টাকার নির্মাণাধীন একটি সেতুতে রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বাদী হয়ে বাসাইল থানায় মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে বাসাইল পৌরসভার মাইজখাড়া সেতুর কাছ থেকে সাব-ঠিকাদার শাহ আলমকে (৪৪) গ্রেপ্তার করা হয়। মামলার প্রধান আসামি ঠিকাদার এসএম জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাসাইল জিসি-কাউলজানী ইউপি সড়কে ৯০ দশমিক ৬ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতুটি নির্মাণের কাজ পায় যৌথভাবে মেসার্স ইউনুছ আল মামুন ও মেসার্স জাকির এন্টারপ্রাইজ। ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে ২০২২ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া এই সেতুর প্রায় ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

গত রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কাউকে না জানিয়ে রাতের আঁধারে ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাইয়ের কাজ শুরু করেন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে বাধা দিলেও পরে গোপনে কাজ শেষ করা হয়। পরবর্তীতে স্থানীয়দের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষের নজরে আসে।

ঘটনা তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের স্বাক্ষরিত তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ ও গাফিলতির কৈফিয়ত তলব করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এলজিইডির ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল মনজুর মুহাম্মদ ছাদেক ঘটনাস্থল পরিদর্শন করেন। ল্যাব টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

 

মাতুভূমি/এসএফ

ট
টাঙ্গাইল প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+