কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে শর্ত মানার জন্য পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই সাফ জানিয়েছেন, এই শর্ত মানা না হলে প্রণালিটি বন্ধই রাখা হবে।
পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মোহসেন রেজাই জানান, জাতিসংঘের বৈঠকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের সুনির্দিষ্ট শর্তগুলো তুলে ধরা হয়েছে। ওয়াশিংটন শর্তগুলো মেনে না নিলে হরমুজ প্রণালি যেমন খুলবে না, তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায়ও বসবে না তেহরান।
তিনি আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালি বর্তমানে দুই পক্ষের আলোচনার ক্ষেত্রে একটি ‘নিশ্চয়তা’ হিসেবে কাজ করছে। আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রকে কাজের মাধ্যমে ইরানের আস্থা অর্জন করতে হবে। পাশাপাশি, ইরানের বিমান চলাচল বন্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা প্রতিবেশী দেশগুলোকেও হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ইরানের বিমানকে এয়ারপোর্ট ব্যবহারের সুযোগ না দিলে ওইসব দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন