গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গে এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিমানটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কিকউইত থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে উড্ডয়ন করেছিল। পথিমধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট কেঙ্গে এলাকায় জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে সেখানে কোনো রানওয়ে না থাকায় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে।
কোয়াঙ্গো প্রদেশের উপগভর্নর রেমি সাকি বোকিন্ডা জানান, রানওয়ে না থাকায় জরুরি অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেনগে ১৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিমানে থাকা সকল যাত্রীর প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনার তীব্রতায় ১২ জনের মরদেহ মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া পাইলটের মরদেহ বিমানটির বাইরে পাওয়া যায়।
সামরিক বাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ছাড়াও দুই জেনারেলের সফরসঙ্গী সরকারি প্রতিনিধি দলের সদস্য ও কঙ্গো সেনাবাহিনীর কয়েকজন সদস্য রয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, খনিজ সম্পদে সমৃদ্ধ মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গো দীর্ঘদিন ধরে নানা সশস্ত্র সংঘাতে জর্জরিত। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলে খনি এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে নিয়মিত সংঘাত চলছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর দখলে চলে যাওয়া কৌশলগত শহরগুলো পুনর্দখলে সম্প্রতি দেশটির সামরিক বাহিনী জোরালো অভিযান পরিচালনা করে আসছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন