যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ঝড় ‘নরইস্টার’। এর প্রভাবে নিউইয়র্ক ও বোস্টনসহ বিস্তীর্ণ এলাকায় উপকূলীয় বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, ভারী বৃষ্টি এবং প্রবল বাতাসে চরম বিপর্যয় দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটি ও বোস্টনসহ বিভিন্ন এলাকায় বিপজ্জনক উপকূলীয় বন্যা, প্রবল বাতাস ও ভারী বৃষ্টির আশঙ্কা দেখা দেয়। শনিবারে পূর্ণিমার প্রভাবে উপকূলীয় বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আগেই সতর্ক করেছিল আবহাওয়া বিভাগ। ইতোমধ্যে নিউ জার্সির সার্ফ সিটি ও মানাসকোয়ান এলাকায় রাস্তাঘাট ও বাড়িঘরে পানি ঢুকে পড়েছে।
ঝড়ের প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলে এক লাখের বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা ‘পাওয়ারআউটেজ’-এর তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের অধিকাংশই এই অঞ্চলের বাসিন্দা। এছাড়া বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটেছে। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যমতে, ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত এবং ১ হাজার ১৯৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিকূল আবহাওয়ার কারণে বেশ কয়েকটি বড় জনবহুল আয়োজন বাতিল বা স্থগিত করা হয়েছে। এর মধ্যে বোস্টনে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের বহুল প্রতীক্ষিত কনসার্ট এবং নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’ নিরাপত্তার স্বার্থে বাতিল করা হয়েছে। উৎসবে লরিন হিল, ওয়াইক্লেফ জিন ও জন লেজেন্ডের মতো তারকা শিল্পীদের পারফর্ম করার কথা ছিল। এছাড়া নিউইয়র্ক রেড বুল ও সেন্ট লুইস সিটি এসসির ফুটবল ম্যাচ বাতিল করা হয়েছে এবং বোস্টন রেড সক্স ও শিকাগো কাবসের ম্যাচটি ফ্লোরিডায় স্থানান্তরিত করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, নিউইয়র্কে সপ্তাহজুড়ে ঘণ্টায় ৫৫ মাইল বা প্রায় ৮৬ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে, যার ফলে গাছ ও বিদ্যুতের লাইন উপড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছেন এবং বন্যার পানির মধ্য দিয়ে চলাচল করতে কঠোরভাবে নিষেধ করেছেন। পাশাপাশি নিউ জার্সির গভর্নর মিকি শেরিলও বাসিন্দাদের ঝড়কে গুরুত্বের সঙ্গে নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন