টানা তিন দিনের ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে মারাত্মক মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে ভারতের উত্তর প্রদেশ রাজ্য। প্রাকৃতিক এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৫৬ জনের প্রাণহানি ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) এক সরকারি বিবৃতিতে প্রাণহানির এই তথ্য নিশ্চিত করেছে উত্তর প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তর প্রদেশে ২৪ কোটিরও বেশি মানুষের বসবাস। সাধারণত প্রতি বছরের জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকালে এই অঞ্চলে নিয়মিত বৃষ্টিপাত ও কালবৈশাখীর দেখা মেলে। তবে সাম্প্রতিক এই দুর্যোগের মূল কারণ হিসেবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের স্থলভাগে প্রবেশকে দায়ী করেছে রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয়। এর ফলে পুরো অঞ্চলজুড়ে বৃষ্টিপাতের তীব্রতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ত্রাণ কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, গত শুক্রবার থেকে রোববারের মধ্যে রাজ্যটিতে গড়ে ৬৬.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই সময়ের স্বাভাবিক গড় বৃষ্টিপাত মাত্র ৭.৬ মিলিমিটারের তুলনায় বহুগুণ বেশি। এই আকস্মিক ও অতিরিক্ত বৃষ্টির ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি ভূমিধসের ঘটনা ঘটে।
ভারতের আবহাওয়া অফিস ও পরিবেশ বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে তীব্র বজ্রঝড় এবং চরম আবহাওয়ার এই প্রবণতা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে আসছেন। তাঁদের মতে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবেই এমন অস্বাভাবিক ও বিপর্যয়কর আবহাওয়ার মুখোমুখি হচ্ছে এই অঞ্চল।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন