হোম / খেলাধুলা / কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়...
খেলাধুলা
এশিয়ান গেমস ক্রিকেট:

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ০৯:১১ পূর্বাহ্ন
১১৮ বার পঠিত
ফন্ট:
বৃষ্টির কারণে ওমানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে মালয়েশিয়া।

বৃষ্টির কারণে ওমানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে মালয়েশিয়া। এর ফলে শেষ আটের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয়েছে মালয়েশিয়ার নাম। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টায় নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এর আগে ২০২২ সালে চীনের হাংজু এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও মালয়েশিয়া। সেবার রোমাঞ্চকর এক লড়াইয়ে ২ রানে জয় পেয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল টাইগাররা। সম্প্রতি মালয়েশিয়া দল বাংলাদেশ সফর করে হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে একটি সিরিজও খেলে গেছে।

নিশিনে ওমানের বিপক্ষে মালয়েশিয়ার ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও টানা বৃষ্টির কারণে টস পর্যন্ত সম্ভব হয়নি। পয়েন্ট ভাগাভাগি হওয়ায় দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান অর্জন করে মালয়েশিয়া। অন্যদিকে দুই পয়েন্ট নিয়ে হংকং গ্রুপ রানার্সআপ এবং এক পয়েন্ট নিয়ে ওমান টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

এদিকে ‘এ’ গ্রুপ থেকে নেপাল ও আফগানিস্তান কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে। আইসিসি র‍্যাংকিংয়ের সুবাদে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান আগেই সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করেছিল। বৃষ্টির কারণে পাকিস্তান-হংকং এবং ভারত-আফগানিস্তানের মধ্যকার প্রথম দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হওয়ায় র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় পাকিস্তান ও ভারত সরাসরি সেমিফাইনালে উন্নীত হয়েছে। বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে। ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হলে র‍্যাংকিংয়ের সুবিধায় সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ।

ম্যাচটি নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস জানান, বৃষ্টির ওপর কারও হাত নেই, তবে দলের প্রাথমিক লক্ষ্য ফাইনালে পৌঁছানো এবং তারা সম্পূর্ণভাবে প্রথম ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছেন। কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও নকআউট পর্বের গুরুত্বের কথা উল্লেখ করে দলের ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

 

 

 

মাতুভূমি/এসএফ

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+