হোম / বিশ্ব / উজ্জয়িনীতে ৬০০ বছরের পুরোনো মসজিদ উচ্ছেদকে ক...
বিশ্ব

উজ্জয়িনীতে ৬০০ বছরের পুরোনো মসজিদ উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্র, আটক ১৫

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:৪৪ পূর্বাহ্ন
৫৪ বার পঠিত
ফন্ট:
ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে প্রায় ৬০০ বছরের পুরোনো শাহী মসজিদের একটি অংশ অপসারণকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে প্রায় ৬০০ বছরের পুরোনো শাহী মসজিদের একটি অংশ অপসারণকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তুরস্কের বেসরকারি সংবাদ সংস্থা ইহলাস নিউজ Agency (IHA)-এর প্রতিবেদনের বরাতে জানা যায়, ২০২৮ সালের সিংহস্থ ধর্মীয় সমাবেশকে সামনে রেখে সড়ক প্রশস্তকরণ ও অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।

প্রশাসনের দাবি, শাহী মসজিদটি পুরোপুরি ভাঙা হচ্ছে না; বরং প্রকল্পের আওতায় পড়া মসজিদের ১০ শতাংশেরও কম অংশ (নামাজ কক্ষের একাংশ ও মিনার) অপসারণ করা হচ্ছে। এর আগে মসজিদ কমিটি প্রশাসনের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্ত অংশ সরাতে সম্মত হলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পুরো মসজিদ ভেঙে ফেলা হচ্ছে’ এমন গুজব ছড়িয়ে পড়ায় উত্তেজনা তৈরি হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত থেকে বিপুলসংখ্যক মুসলিম বাসিন্দা মসজিদ চত্বরে অবস্থান নেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রশাসন অপসারণের কাজ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়েন, যাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সাতটি মামলা দায়ের করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

এদিকে মসজিদ কমিটির দাবি, মসজিদটি অক্ষত রেখে সড়কের বিপরীত পাশ থেকে জমি অধিগ্রহণ করে রাস্তা প্রশস্ত করা সম্ভব। এ বিষয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চে আবেদন করা হলেও গত ৯ সেপ্টেম্বর আদালত জননিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থাপনার কথা বলে সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, এই একই প্রকল্পের আওতায় ইতিপূর্বে ১০টি মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনার অংশ অপসারণ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, উজ্জয়িনীর এই ঘটনা ভারতে ধর্মীয় স্থাপনা ও সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি অপসারণকে কেন্দ্র করে চলমান দীর্ঘদিনের বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে। বর্তমানে উজ্জয়িনীজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ও নজরদারি বজায় রাখা হয়েছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+