নেপালে গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাত এবং এর ফলে সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে। এই ভয়াবহ পরিস্থিতির নানা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয় জনগণের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, গত ২৪ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে ঘটা এসব প্রাকৃতিক দুর্যোগে আরও চারজন নিখোঁজ এবং আটজন আহত হয়েছেন। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৮২টি পরিবার এবং মারা গেছে ১১৪টি গবাদিপশু।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই সময়জুড়ে দেশটিতে ৩০৪টি ভূমিধসের ঘটনা ঘটেছে। কেবল ভূমিধসেই মারা গেছেন ২০ জন, নিখোঁজ রয়েছেন চারজন এবং আহত হয়েছেন সাতজন। এ ছাড়া ৮৭টি বন্যার ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ভারী বৃষ্টিপাতজনিত অন্যান্য ১৫১টি বিচ্ছিন্ন ঘটনায় আরও তিনজনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন বলে জানিয়েছে নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (এনডিআরআরএমএ)।
টানা বৃষ্টি ও দুর্যোগের কারণে ২২৭টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস এবং আরও ১৪২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বন্যা ও ভূমিধসের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩১টি সেতু।
এনডিআরআরএমএ আরও জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে নেপালে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে গত রবিবার মানাং জেলায় একটি বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটে, যার ফলে বিপুল পরিমাণ মাটি ও ধ্বংসাবশেষ মার্সিয়াংদি নদীতে গিয়ে পড়ে। এর প্রভাবে কিছু সময়ের জন্য নদীটির স্বাভাবিক প্রবাহও বন্ধ হয়ে যায়। আবহাওয়া অনুকূলে না থাকায় এবং বৃষ্টি অব্যাহত থাকায় সামনে আরও ভূমিধস ও দুর্যোগের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন