আসন্ন বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স ও পেসার লুসি হ্যামিল্টনকে ছাড়াই এই স্কোয়াড সাজানো হয়েছে। ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে আগামী ৯ থেকে ১৪ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে অজিদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার তালিয়া ম্যাকগ্রা।
বাংলাদেশ সিরিজ শেষেই সিডনিতে ১৮ থেকে ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। কিউইদের সেই সিরিজে মলিনেক্স ও হ্যামিল্টন দুজনেই চোট কাটিয়ে ফিট হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছে বোর্ড।
পিঠের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তারকা পেসার ডারসি ব্রাউন। তবে অক্টোবরের শেষে শুরু হতে যাওয়া উইমেনস বিগ ব্যাশ লিগে তিনি মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, অনুশীলনের সময় বাঁ-হাতি বোলার লুসি হ্যামিল্টন ঊরুর পেশিতে চোট পেলেও নিউজিল্যান্ড সিরিজের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন। আর সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্যাটার গ্রেস হ্যারিস।
স্বল্প সময়ে পরপর তিনটি ম্যাচ খেলার জন্য বর্তমানে অস্ট্রেলিয়ানদের হাতে ১২ জন সদস্যের প্রাথমিক দল রয়েছে। নির্বাচক শন ফ্লেগলার জানিয়েছেন, উইমেনস ন্যাশনাল ক্রিকেট লিগের (ডব্লিউএনসিএল) পরবর্তী রাউন্ড শেষ হওয়ার পর স্কোয়াডে আরও একজন ক্রিকেটার যুক্ত করা হবে।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের অস্ট্রেলিয়া স্কোয়াড:
নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধুমাত্র টি২০), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা, সোফি মলিনেক্স (অধিনায়ক), বেথ মুনি, এলিসে পেরি, মেগান শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন