হোম / খেলাধুলা / বিদায় নিশ্চিত হলেও শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার মু...
খেলাধুলা
ফিফা আসিয়ান কাপ

বিদায় নিশ্চিত হলেও শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি বাংলাদেশ

অপেক্ষা কঠিন পরীক্ষার
স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর, ২০২৬ | ০৪:৫০ পূর্বাহ্ন
৮৭ বার পঠিত
ফন্ট:

বিদায় নিশ্চিত হয়ে গেলেও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য শুধুই নিয়মরক্ষার নয়। ফিফা আসিয়ান কাপে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম দুই ম্যাচে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য থাকা বাংলাদেশের মূল লক্ষ্য অন্তত একটি নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়ে টুর্নামেন্টের ইতি টানা।

মালয়েশিয়ার কাছে ৩-০ ও সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হারের পর বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। কারণ ঘরের মাঠের দর্শক সমর্থনের পাশাপাশি ইন্দোনেশিয়া দলে রয়েছে ইউরোপসহ বিশ্বের নানা লিগে খেলা এক ঝাঁক শক্তিশালী ফুটবলার। ফলে অভিজ্ঞতা, গতি ও ব্যক্তিগত দক্ষতায় বাংলাদেশ দলকে আজ কঠিন পরীক্ষার মুখেই পড়তে হবে।

তবে বাংলাদেশের শক্তিতেও কমতি নেই; দলেও রয়েছে আন্তর্জাতিক ও বিদেশি লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলাররা। ২৩ সদস্যের স্কোয়াডে প্রবাসী ও বিদেশি লিগে খেলা মোট নয়জন ফুটবলার রয়েছেন। হামজা চৌধুরী, শামিত সোম, তারিক কাজী, জামাল ভূঁইয়া ও ফারহান আলি ওয়াহিদের অভিজ্ঞতা দলের সবচেয়ে বড় ভরসা। আগের দুই ম্যাচে প্রত্যাশিত ফল না আসলেও ইন্দোনেশিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা প্রমাণের সুযোগ এখনো হাতছাড়া হয়নি।

বিশেষ করে ইংলিশ ফুটবলে চেনা মুখ হামজা চৌধুরীকে ঘিরেই প্রত্যাশার পারদ সবচেয়ে বেশি। তার সঙ্গে বিদেশে খেলা অন্য ফুটবলারদেরও আজ বাড়তি দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। স্বাগতিকদের ঝোড়ো আক্রমণ সামলে মাঝমাঠের লাগাম ও বলের দখল ধরে রাখাটাই হবে বাংলাদেশের মূল কৌশল।

অন্যদিকে ইন্দোনেশিয়ার জন্যও ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ। পরের পর্ব নিশ্চিত করতে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই তাদের। ঘরের মাঠে গ্যালারিভর্তি সমর্থকদের সামনে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে বাংলাদেশকে কোণঠাসা করার চেষ্টা করবে তারা।

তবে হারানোর কিছু না থাকার ফলে বাংলাদেশের ওপর কোনো বাড়তি চাপ নেই। সেই চাপমুক্ত মানসিকতাকে পুঁজি করেই আজ মাঠে নামবে দল, যাতে টুর্নামেন্ট থেকে বিদায়টা অন্তত মাথা উঁচু করেই হয়।

 

মাতুভূমি/এএইচ

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+