বিদায় বা ক্ষয়ক্ষতির খবর ছাপিয়ে আবারও উত্তপ্ত সীমান্ত। আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয়ের দাবি, পরিকল্পিত এই হামলায় অন্তত ২২ জন জঙ্গি নিহত হয়েছে, যাদের ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, ‘অপারেশন গজব লিল-হক’-এর আওতায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই নিখুঁত বিমান হামলা চালানো হয়। সীমান্তে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার এবং জঙ্গি নেটওয়ার্ক ও তাদের মদদদাতাদের নির্মূল করার উদ্দেশ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
মন্ত্রণালয়ের দাবি, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করেই আফগানিস্তানের দুটি ভিন্ন এলাকায় অবস্থানরত জঙ্গিদের ক্যাম্প ও গোপন আস্তানায় আঘাত হানা হয়েছে। হামলা চালানো এসব ঘাঁটি সরাসরি ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ এবং তাদের সহযোগীদের নিয়ন্ত্রণাধীন ছিল।
বিবৃতিতে উল্লেখ করা হয়, লক্ষ্যবস্তুগুলো পুরোপুরি ধ্বংস করতে সক্ষম হয়েছে পাকিস্তান বাহিনী। প্রাথমিক হিসাব অনুযায়ী অন্তত ২২ জন জঙ্গি প্রাণ হারিয়েছে এবং ঘাঁটিগুলোতে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ভস্মীভূত হয়েছে।
আন্তর্জাতিক সীমান্তে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার।
ইসলামাবাদ আবারও অভিযোগ তোলে যে আফগানিস্তানের ভূখণ্ড এখনও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং সেখান থেকেই পাকিস্তানের ওপর নিয়মিত সন্ত্রাসী হামলার হুমকি আসছে।
সেই নিরাপত্তার স্বার্থেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে দাবি করে মন্ত্রণালয় জানায়, অভিযানে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়।
বর্তমানে পাকিস্তানের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ‘আজম-ই-ইস্তেহকাম’ কৌশলের অংশ হিসেবে ‘গজব লিল-হক’ নামে নিয়মিত সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে। এই তৎপরতা পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিদেশি অর্থায়ন ও মদদে পরিচালিত সীমান্তপারের সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত সামরিক অভিযান বন্ধ হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে ইসলামাবাদ।
মাতুভূমি/এএইচ

আপনার মতামত দিন