বাংলাদেশ সীমান্তের খুব কাছে মিয়ানমারের রাখাইন রাজ্যের কায়ুকতো শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক জান্তা। সোমবার সংঘটিত এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয়দের পাশাপাশি রাখাইনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও দাতব্যকর্মীরা হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।
আরাকান আর্মির মুখপাত্র খাইং থুকা অভিযোগ করেছেন, জান্তার বিমানবাহিনী ইচ্ছাকৃতভাবে জনবহুল বাজার, স্কুল, আবাসিক এলাকা এবং সাধারণ লোকজনের ওপর এই হামলা চালিয়েছে। প্রকাশিত বিভিন্ন ছবিতে ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের মর্মান্তিক দৃশ্য উঠে এসেছে। উল্লেখ্য, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের ধারাবাহিকতাতেই এই হামলার ঘটনা ঘটল।
এই ভয়াবহ হামলার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানান। মহাসচিব বেসামরিক মানুষের জীবন রক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং অবিলম্বে সহিংসতা বন্ধ করার জোর আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ আরও জানিয়েছে, রাখাইনের বর্তমান ভয়াবহ পরিস্থিতি বিবেচনা করলে বাংলাদেশসহ অন্যান্য দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার মতো উপযোগী পরিবেশ এখনো তৈরি হয়নি।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন