বিপর্যস্ত জন্মহার সংকট উত্তরণে অবিবাহিত সরকারি কর্মীদের জন্য ‘ফার্স্টডেট’ নামে একটি নতুন ম্যাচমেকিং সেবা চালু করেছে সিঙ্গাপুর সরকার। পরীক্ষামূলক এই উদ্যোগের মাধ্যমে ২১ থেকে ৩৫ বছর বয়সী অবিবাহিত সরকারি কর্মীরা জীবনসঙ্গী খোঁজার সুযোগ পাবেন। বিবিসি জানিয়েছে, প্রচলিত ডেটিং অ্যাপগুলোর বিপরীতে এই সেবা একসঙ্গে একাধিক প্রোফাইল দেখানোর বদলে অ্যালগরিদমের মাধ্যমে ধাপে ধাপে কেবল একজন উপযুক্ত সঙ্গীর সঙ্গে পরিচয় করিয়ে দেবে।
সেবাটিতে অংশ নিতে সিঙ্গাপুরের জাতীয় ডিজিটাল পরিচয় ব্যবস্থার মাধ্যমে নিবন্ধন করতে হয়। নিবন্ধনের পর আগ্রহ, অভ্যাস ও মূল্যবোধ সংক্রান্ত একটি প্রশ্নমালার উত্তর দিতে হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অর্থনীতিতে নোবেলজয়ী গণিতবিদ লয়েড শ্যাপলির বিখ্যাত ‘গেল-শ্যাপলি স্টেবল ম্যারেজ’ অ্যালগরিদম ব্যবহার করে উপযুক্ত জুটি নির্বাচন করা হয়।
সরকারের এই উদ্যোগ ঘিরে সিঙ্গাপুরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ একে কৌতূহলোদ্দীপক ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও, সুবিধাটি শুধুমাত্র সরকারি কর্মীদের জন্য সীমাবদ্ধ রাখা এবং বয়সসীমা নিয়ে সমালোচনা করেছেন অনেকে। এর আগে ১৯৮৪ সালেও অবিবাহিতদের সামাজিক যোগাযোগ বাড়াতে ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ইউনিট’ চালু করেছিল দেশটির সরকার।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে সিঙ্গাপুরে জন্মহার আশঙ্কাজনক হারে কমছে। দেশটিতে এক বছরে জন্ম নেওয়া শিশুর সংখ্যা ৩০ হাজারের নিচে নেমে এসেছে, যেখানে মৃত্যুর সংখ্যা প্রায় ২৬ হাজার ৫০০। এই সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী লরেন্স ওং প্রতিটি সন্তানের ১৭ বছর বয়স পর্যন্ত প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলার আর্থিক সহায়তাসহ নানা প্রণোদনা ঘোষণা করেছেন। এছাড়া জন্মহার বাড়াতে জাপানের টোকিওসহ বিশ্বের অন্যান্য দেশেও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটিং অ্যাপ চালুর নজির রয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন