নেপালের মধ্যাঞ্চলে অবস্থিত ৭,১২৬ মিটার উচ্চতার হিমলুং শিখরের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসে কমপক্ষে ১৫ জন নেপালি অভিযাত্রীকর্মী নিহত হয়েছেন। গত রোববার ভোরে চীন সীমান্তের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে।
আল জাজিরার তথ্য অনুযায়ী, বিদেশি পর্বতারোহীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তুষারধসের কবলে পড়েন দেশীয় কর্মীরা। সেখানে তাঁরা পরবর্তী অভিযানের জন্য তাঁবু স্থাপন এবং রশি বাঁধার কাজ করছিলেন। ৪ মিটারের বেশি গভীর তুষারের স্তর সরিয়ে অভিজ্ঞ গাইডদের নিয়ে পরিচালিত উদ্ধার অভিযানে একে একে মরদেহগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহগুলো হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে আনা হচ্ছে এবং নিখোঁজ অপর এক কর্মীকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হওয়ায় অভিযান প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের আটটির অবস্থান নেপালে। দেশটির অর্থনীতি পর্বতারোহণ ও ট্রেকিং পর্যটনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এর আগে ২০১৪ সালে এভারেস্টে তুষারধসে ১৬ জন এবং ২০১৫ সালে ভূমিকম্পে ১৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন