হংকংয়ের জনপ্রিয় মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাবি চোই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন আদালতে উঠে এসেছে রোমহর্ষক ও নৃশংস সব তথ্য। সম্পত্তি ও ফ্ল্যাটের মালিকানা নিয়ে বিরোধের জেরে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে অ্যাবির সাবেক স্বামী অ্যালেক্স কোয়ং, সাবেক শ্বশুর কোয়ং কাউ এবং দেবর অ্যান্থনি কোয়ং মিলে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। সম্প্রতি হংকংয়ের হাইকোর্টে মামলার শুনানিতে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করেছেন।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পর অ্যাবির দেহ টুকরো টুকরো করে ফেলা হয়। তাই পো এলাকার একটি ভাড়া বাসাকে অস্থায়ী কসাইখানার মতো ব্যবহার করে মাংস কাটার যন্ত্র ও বৈদ্যুতিক করাত দিয়ে মরদেহ কাটার কাজ চালানো হয়। পুলিশ ওই বাসা থেকে মাংস কাটার যন্ত্র ও পোশাক উদ্ধারের পাশাপাশি গাজর ও সবজির স্যুপের একটি বড় পাত্র থেকে নিহতের খুলি এবং ফ্রিজ থেকে তার দুই পা উদ্ধার করে। এছাড়া রক্তের দাগ লুকাতে দেওয়াল ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছিল বলে আদালতকে জানানো হয়েছে।
তদন্তে জানা যায়, ৬ কোটি হংকং ডলারে কেনা একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করাকে কেন্দ্র করে সাবেক পরিবারের সঙ্গে অ্যাবির বিরোধ শুরু হয়। আর্থিক সচ্ছলতা ও ধনী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও অ্যাবি তার সাবেক স্বামীর পরিবারের ব্যয়ভার বহন করতেন। তবে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে সম্পর্কের অবনতি ঘটে, যার পরিণতি হিসেবে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
প্রায় আট সপ্তাহ ধরে চলা এই মামলার বিচারপ্রক্রিয়া এবং পরবর্তী শুনানিতে প্রসিকিউশন তাদের আইনি কার্যক্রম অব্যাহত রাখবে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন