হোম / বিশ্ব / আমেরিকায় মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ,...
বিশ্ব

আমেরিকায় মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, হাসপাতালে চিকিৎসাধীন ক্রিস্টা পাইক

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর, ২০২৬ | ০৫:২০ পূর্বাহ্ন
৯৫ বার পঠিত
ফন্ট:
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে ক্রিস্টা পাইক নামের এক আসামির মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হয়েছে।

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে ক্রিস্টা পাইক নামের এক আসামির মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হয়েছে। ঘটনার পর টেনেসির গভর্নর বিল লি চলতি বছরের বাকি সময়ের জন্য অঙ্গরাজ্যটিতে সব ধরনের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত ঘোষণা করেছেন।

বুধবার (স্থানীয় সময়) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের শেষ মুহূর্তের অনুমোদনের পর পাইককে দুই ডোজ পেন্টোবারবিটাল ইনজেকশন দেওয়া হলেও তার হৃদস্পন্দন বন্ধ হয়নি। আইনজীবীদের অভিযোগ, পাইকের রক্ত জমাট বাঁধার সমস্যা ও ছোট শিরার কারণে ইনজেকশন দেওয়ার সময় অন্তত সাতটি সূঁচ ব্যবহার করা হয়। শিরা ক্ষতিগ্রস্ত হয়ে ওষুধ রক্তনালির পরিবর্তে টিস্যুতে ছড়িয়ে পড়ায় এবং ওষুধটি রক্তপ্রবাহে সঠিকভাবে প্রবেশ না করায় এই জটিলতা দেখা দেয় বলে চিকিৎসকেরা ধারণা করছেন। বর্তমানে সংকটজনক অবস্থায় তাকে অন্য একটি চিকিৎসাকেন্দ্রে ভেন্টিলেটরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কেন পাইক বেঁচে গেলেন?

পাইকের চিকিৎসক দলের পরামর্শক অ্যানেসথেসিওলজিস্ট জোয়েল জিভট বলেছেন, দুই ডোজ পেন্টোবারবিটাল স্বাভাবিকভাবে রক্তপ্রবাহে প্রবেশ করলে তার মৃত্যু হওয়ার কথা ছিল। তার মতে, ওষুধটি সম্ভবত পর্যাপ্ত মাত্রায় রক্তে পৌঁছায়নি। পাইকের হাতে তৈরি হওয়া ফোসকা দেখে তিনি ধারণা করছেন, শিরা ফেটে গিয়ে ওষুধ শরীরের ত্বকের নিচের টিস্যুতে ছড়িয়ে পড়তে পারে। পাইকের থ্রম্বোসাইটোসিসও এতে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। ইনজেকশনের জায়গায় রক্ত জমাট বেঁধে গেলে ওষুধ রক্তনালিতে প্রবেশে বাধা পেতে পারে।

ওষুধটির কার্যকারিতা কমে যাওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এমন হলে উৎপাদন বা সংরক্ষণে সমস্যার কারণে তা হতে পারে বলে জিভট জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ১৯ বছর বয়সী কোলিন স্লেমারকে হত্যার দায়ে ক্রিস্টা পাইককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এদিকে দেশটিতে প্রাণঘাতী ইনজেকশনের কার্যকারিতা ও এর অমানবিক দিক নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এই ঘটনার পর আরও জোরালো হয়েছে।

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+