হোম / বিশ্ব / কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, ন...
বিশ্ব

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট, ২০২৬ | ০৩:৫০ পূর্বাহ্ন
৫৬ বার পঠিত
ফন্ট:
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর সংলগ্ন অঞ্চলগুলোতে মধ্যরাতে রাশিয়ার তীব্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর সংলগ্ন অঞ্চলগুলোতে মধ্যরাতে রাশিয়ার তীব্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৭ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের মতে, চলতি বছরে এটি কিয়েভে পরিচালিত অন্যতম রক্তক্ষয়ী হামলা।

বুধবার (৫ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার দিবাগত রাতে মস্কো এই সমন্বিত হামলা শুরু করে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, কিয়েভ অঞ্চল লক্ষ্য করে আবারও বড় আকারের সামরিক অভিযান চালিয়েছে রাশিয়া। হামলা চলাকালে এক ঘণ্টারও বেশি সময় ধরে বিমান হামলার সতর্কসংকেত বাজতে থাকে। একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে বহুতল আবাসিক ভবন, গুদামঘরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় প্রশাসন জানায়, বোরিসপিল জেলায় ৯ জন, বুচা জেলায় ৪ জন এবং ফাস্তিভ জেলায় ১ জন প্রাণ হারিয়েছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, শহরের কেন্দ্রস্থলে বিধস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক।

রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের জন্য ইউক্রেন দ্রুততম সময়ে মার্কিন প্রযুক্তির প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার অতিরিক্ত ইন্টারসেপ্টর সরবরাহের জন্য পশ্চিমা মিত্রদের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছে।

অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, তারা কিয়েভ ও এর আশপাশের ইউক্রেনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ কেন্দ্র, লজিস্টিক হাব এবং ড্রোন উৎপাদন কারখানায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। পাশাপাশি কৃষ্ণসাগরের ওডেসা বন্দরের কাছে সামরিক অস্ত্রবোঝাই তিনটি কার্গো জাহাজেও সফল হামলা চালানোর দাবি করে মস্কো।

সাম্প্রতিক সময়ে দুই পক্ষই আকাশপথে হামলা জোরদার করেছে। ইউক্রেনীয় প্রশাসনের দাবি, রাশিয়া ধারাবাহিকভাবে বেসামরিক অবকাঠামোকে নিশানা বানাচ্ছে। অবশ্য রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছাকৃত হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+